খুলনায় ছাত্রফ্রন্টের মিছিলে ছাত্রলীগের হামলা
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে খুলনার বিএল কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মিছিল বের করলে তাতে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তুলে মিছিলকারী দুজনকে পুলিশের কাছেও তুলে দেওয়া হয়। আজ শনিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা অভিযোগ করেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে দুপুরে কলেজ ক্যম্পাসে মিছিল বের করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তা বন্ধ করতে হুমকি দেয়। হুমকি উপেক্ষা করে ছাত্রফ্রন্টের বিএল কলেজ সভাপতি সঞ্জিত মণ্ডলের নেতৃত্বে সমাবেশ শুরু করলে ছাত্রলীগের সবুজ, বখতিয়ার, তাপস ও মিঠুর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। তাঁরা ছাত্রফ্রন্টের নেতা সঞ্জিত মণ্ডল, শফিক, অনুপ মণ্ডল ও রোমিও রহমানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারে। পরে তাঁদের উপাধ্যক্ষের কাছে ধরে নিয়ে যায়। সেখান থেকে সঞ্জিত মণ্ডল ও রোমিও রহমানকে দৌলতপুর থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে ছাত্রফ্রন্ট বিক্ষোভ মিছিল করছিল। এ সময় ছাত্রলীগের ছেলেরা তাঁদের দুজনকে ধরে প্রিন্সিপালের কাছে দেয়। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দেখার জন্য আমাদের হাতে তুলে দেয়। ওই দুজনের বিষয়ে স্থানীয় থানায় খোঁজ নিয়ে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিএল কলেজের উপাধ্যক্ষ শিকদার মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পুলিশ দুজনকে ধরে আমাদের কাছে এনে বলে এরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল। এদের মধ্যে একজন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্ত করতে চাই। তখন আমরা বলেছি তদন্ত করেন। তবে নির্দোষ হলে দ্রুত ছেড়ে দেবেন।’
বিএল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কলেজে পরীক্ষা চলছিল। এ সময় মিছিল করতে হলে অধ্যক্ষের অনুমতি লাগে। কিন্তু অনুমতি তারা নেয়নি। তা ছাড়া কলেজে স্বীকৃত চারটি ছাত্র সংগঠনের মধ্যে তাদের নাম নেই। তাদের নেতা-কর্মীদের বেশির ভাগই এই কলেজের না। শুনেছি সকালে তারা মিছিল করতে এলে কি উদ্দেশ্যে মিছিল হবে এবং পরীক্ষার সময় কেন হবে তা জানতে চাওয়া হয়। তর্কের একপর্যায়ে একটু ঝামেলা হয়। তবে মারধরের ঘটনা ঘটেনি।
এই হামলার প্রতিবাদে আগামীকাল রোববার বিকেলে নগরের শহীদ হাদিস পার্ক থেকে এক প্রতিবাদ মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা কমিটির সমন্বয়ক জনার্দন দত্ত। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। জনগণের আন্দোলনে ভীত হয়ে ছাত্রলীগ ও পুলিশ দিয়ে হামলা চালাচ্ছে সরকার। হামলা চালিয়ে সুন্দরবন রক্ষার আন্দোলন থামানো যাবে না বরং বেগবান হবে।’