খুলনায় নিখোঁজ হওয়ার নয় দিন পর মশিউর রহমান (৩০) নামের এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের খান জাহান আলী সড়কের সরকারি সুন্দরবন মহাবিদ্যালয়ের সামনের একটি নালা থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন মশিউরকে অপহরণের পর হত্যা করে থাকতে পারে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তিনি জেলার দাকোপ উপজেলার দোপাদি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। নগরের গগনবাবু রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। মশিউর খুলনা জজকোর্টের আইনজীবী কামরুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন।
মশিউরের ছোট চাচা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ৫ জানুয়ারি সন্ধ্যার পর থেকে মশিউরকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজার পর তাঁকে না পেয়ে ৭ জানুয়ারি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মশিউরের বাবা শাহ আলম হাওলাদার। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নকেও (র্যা ব-৬) ঘটনাটি জানানো হয়। ৮ জানুয়ারি রাত একটার দিকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে দুর্বৃত্তরা মশিউরকে ছাড়িয়ে নেওয়ার জন্য তাঁর ছোট ভাই কামরুলের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ৯ জানুয়ারি সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতনিয়া সেতুর ওপরে অপহরণকারীদের ২০ হাজার টাকা দেওয়া হয়। ১১ জানুয়ারি খুলনার রূপসা সেতুর নিচে আরও ৩০ হাজার টাকা দেওয়া হয়। কথা ছিল ওই দিন রাতেই মশিউরকে ছেড়ে দেওয়া হবে। ওই দিনও মশিউরকে ছেড়ে না দেওয়ায় মুক্তিপণ দেওয়ার বিষয়টি র্যা বকে জানানো হয়। ১২ জানুয়ারি রাতে র্যা ব-৬-এর সদস্যরা কৌশলে রামপালের সোনাতনিয়া সেতুর কাছ থেকে আজাদ নামের একজনকে আটক করেন। পরদিন গত বুধবার জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে মশিউরকে অপহরণের অভিযোগে মামলা করেন তাঁর বাবা শাহ আলম। মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, দাকোপের দোপাদি গ্রামে মশিউরের পরিবারের সঙ্গে স্থানীয় দুই ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলছে। মীমাংসার জন্য উভয় পক্ষ ৪ জানুয়ারি আলোচনা করে। তবে ঘটনাটি অমীমাংসিত থেকে যায়। পরে প্রতিপক্ষের লোকজন মশিউরের পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয়। ওই দিন বিকেলে মশিউর খুলনায় চলে আসেন। পরদিন তাঁকে অপহরণ করা হয়। ওই বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে তাঁকে অপহরণ করা হতে পারে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
খুলনা সদর থানা সূত্রে জানা গেছে, মশিউরের বাবার করা অপহরণ মামলায় আজাদকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজেশ্বাম বলেন, বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে সুন্দরবন কলেজের সামনের নালা থেকে বস্তাবন্দী অবস্থায় মশিউরের লাশ উদ্ধার করা হয়। লাশের হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। মুখ ছিল থেঁতলানো। লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আজাদকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।