খুলনায় টিসিবির পণ্য খোলাবাজারে, আটক ৭
খুলনায় অবৈধভাবে টিসিবির পণ্য মজুত করে বিক্রি করার অপরাধে দুই ডিলারসহ সাত দোকানমালিককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে তাঁদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় তাঁদের দোকান থেকে টিসিবির ৮০০ লিটার সয়াবিন তেল ও ৩০০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন খালিশপুর চিত্রালী বাজারের টিসিবি ডিলার ও রাজু এন্টারপ্রাইজের ফরিদ আহমেদ, পৌর সুপার মার্কেটের বিসমিল্লাহ স্টোরের মালিক মো. বাদল হাওলাদার, দৌলতপুর বাজারের মেসার্স হান্নান এন্টারপ্রাইজের মো. আসাদুজ্জামান কাজল, রশিদ স্টোরের মো. আবদুল্লাহ, মোস্তফা স্টোরের মো. মোস্তফা, ইমরান স্টোরের মো. আলমগীর ও ফারাজিপাড়া এলাকার আকবর স্টোরের মালিক ও টিসিবি ডিলার মো. আল আমিন শিকদার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘সরকার ভর্তুকি দিয়ে গরিব জনসাধারণের কাছে স্বল্পমূল্যে টিসিবির মাধ্যমে খোলাবাজারে পণ্য বিক্রি করে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ওই পণ্য খোলাবাজারে বিক্রি না করে দোকানদারদের কাছে বিক্রি করে দেয়। এতে গরিব মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। তাই বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে টিসিবির পণ্য মজুত করে বিক্রি করার অপরাধে সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নকে নির্দেশ দেওয়া হয়েছে।’