খুলনায় ট্রাফিক পুলিশের আঘাতে রক্তাক্ত ভ্যানচালক

খুলনায় ট্রাফিক পুলিশ কর্মকর্তার আঘাতে রক্তাক্ত হয়েছেন এক ভ্যানচালক। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নগরের লোয়ার যশোর সড়কের সংগীতা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী খুলনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার পরপরই অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ট্রাফিক পুলিশের সহকারী নগর উপপরিদর্শক (অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর) মনির হোসেনকে খুলনা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
আহত ভ্যানচালকের নাম ওবায়দুল ইসলাম (২০)। তিনি নগরের রায়েরমহল এলাকায় থাকেন।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী, ভ্যানচালক ওবায়দুল ও তাঁর সঙ্গী রশিদ গাজীর ভাষ্যমতে, রায়েরমহল এলাকা থেকে তিনি, ওবায়দুল ও সাগর—এই তিনজন মিলে তিনটি ব্যাটারিচালিত ভ্যানে করে চাল নিয়ে বড় বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে বেলা ১১টার দিকে সংগীতা হলের কাছে পুলিশ কর্মকর্তা মনির তাঁদের গতিরোধ করে তিন হাজার টাকা দাবি করেন। তাঁরা তিনজন মিলে ১৫০ টাকা দিতে রাজি হন। এতে ক্ষিপ্ত হয়ে মনির তাঁদের ভ্যানের ব্যাটারির সংযোগ কেটে দিতে উদ্যত হন। তখন ওবায়দুল মনিরের পা জড়িয়ে ধরলে তাঁকে প্রথমে চড়-থাপ্পড় মারেন মনির। পরে মনির তাঁর হাতে থাকা প্লায়ার্স দিয়ে ওবায়দুলের মাথায় আঘাত করেন। এতে ওবায়দুলের মাথা ফেটে গিয়ে রক্ত পড়তে থাকে। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন উত্তেজিত হয়ে মনিরকে ঘিরে রাখেন। পরে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
সংগীতা হলের সামনের তিনজন দোকানিও ঘটনার একই রকম বর্ণনা দিয়েছেন।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘যেহেতু এটা ট্রাফিক পুলিশের ব্যাপার, তাই অভিযোগটি ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছি।’
যোগাযোগ করলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. কলিমুল্লাহ বলেন, খুলনা নগরে ব্যাটারিচালিত ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই তিনজন নগরের মধ্য দিয়ে ভ্যান নিয়ে যাচ্ছিলেন। শিববাড়ী এলাকায় তাঁদের থামতে সংকেত দেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা। কিন্তু ভ্যানচালকেরা সেই সংকেত অমান্য করে দ্রুত বড় বাজারের দিকে যেতে থাকেন। এ সময় শিববাড়ী মোড়ে কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর মনির হোসেন মোটরসাইকেল চালিয়ে ধাওয়া করে তাঁদের গতিরোধ করেন। তাঁর সঙ্গে ভ্যানচালকদের কথা-কাটাকাটির একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে। আহত ভ্যানচালককে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। খরচও বহন করা হয়েছে তাঁর।
কলিমুল্লাহ বলেন, পরিস্থিতি সামাল দিতে না পারায় মনির হোসেনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা মিললে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।