খুলনায় তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের বসুপাড়া এলাকায় খান হারুনার রশিদ ওরফে সুমন (২৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১টার দিকে ওই ঘটনা ঘটে। খান হারুনার রশিদের গ্রামের বাড়ি রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের শোলপুর গ্রামে। তিনি ওই এলাকার খান আবু হাসানের ছেলে।

খান হারুনার রশিদ তাঁর ছোট ভাই খান হানিফুর রহমান ওরফে ইমনকে নিয়ে খুলনা নগরের পশ্চিম বানিয়া খামার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। খান হারুনার রশিদের ছয় মাস বয়সের একটি মেয়ে আছে। আর খান হানিফুর রহমান একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।

গতকাল শনিবার সকালে খান হানিফুর রহমান বাদী হয়ে নগরের সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

খান হারুনার রশিদ হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বসুপাড়া এলাকার মো. সেলিম শেখ ও তাঁর শ্যালক রাসেল এবং রাজু নামের তাঁদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নিহত ব্যক্তির পরিবার ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বসুপাড়ার আজাদ লন্ড্রির পাশে বসে আড্ডা দিচ্ছিলেন খান হারুনার রশিদ। এ সময় সেলিম তাঁকে ডেকে বাসায় নিয়ে যান। সেখানে তাঁদের সঙ্গে খান হারুনার রশিদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিম, তাঁর শ্যালক রাসেলসহ কয়েকজন খান হারুনার রশিদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এলাকাবাসী খান হারুনার রশিদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, খান হারুনার রশিদ মাদকাসক্ত ও বেকার। সেলিম ও রাজু তাঁরই বন্ধু। তিনি প্রতিদিন ওই এলাকায় তাঁদের সঙ্গে গভীর রাত পর্যন্ত বসে মাদক সেবন করতেন ও আড্ডা দিতেন। সেলিমের স্ত্রীকে তিনি একটি এসএমএস পাঠান। ওই এসএমএসের সূত্র ধরে সেলিম ও খান হারুনার রশিদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সেলিম তাঁকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন।

তবে খান হারুনার রশিদের পরিবারের দাবি, খান হারুনার মাদকাসক্ত ছিলেন না, তিনি মাছের ঘেরের ব্যবসা করেন। কখন, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাঁরা বলতে পারেননি। তবে পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তাঁরা।