খুলনায় দুই লাশ উদ্ধার

খুলনা নগরে পৃথকভাবে দুই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে নগরের আড়ংঘাটা থানার বড়ইতলা এলাকায় বস্তাবন্দী অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে বেলা দুইটার দিকে খুলনা সদর থানার পিকচার প্যালেস মোড় এলাকার হোটেল আজমল ইন্টারন্যাশনাল থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এসে হোটেলে থাকা লাশটি শনাক্ত করেন।
নিহত ওই ব্যক্তির নাম ইনসান মোল্লা (২৭)। বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) সোনালী সেন বলেন, প্রায় সাত মাস আগে বিয়ে করেন ইনসান। গত ২১ জুন বাড়ি থেকে নিখোঁজ হন ইনসান। ২২ জুন ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। খুলনায় একটি লাশ পাওয়া গেছে শুনে ইনসানের ভাই এসে লাশ শনাক্ত করেন।
খুলনা সদর জোনের সহকারী পুলিশ কমিশনার আল বেরুনী বলেন, হোটেলের পঞ্চম তলায় ৫০২ নম্বর কক্ষে লাশটি পাওয়া যায়। তিনি বলেন, ওই ঘটনায় পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে হোটেলের বয় সবুর ও সহকারী ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অন্যদিকে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বড়ইতলা এলাকার একটি ঘের থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। তাঁর মাথায় ও ঊরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।