খুলনায় দুর্বৃত্তের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত
খুলনা নগরের রায়েরমহল এলাকায় গুলিতে শাহদাত হোসেন (৬০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, দ্বন্দ্বের জের ধরে শাহদাত হোসেন ও তাঁর প্রতিপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, তারা শাহদাতের কোমর থেকে আটটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া আটটার দিকে রায়মহল এলাকার হাজী মহসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শাহদাত হোসেন মারা যান। এ সময় লিয়াকত, রুবেল, বুলবুল, মোস্তফা এবং আজম নামের পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মোস্তফা ও আজমের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনিরা সুলতানা বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, আজম ও শাহদাত হোসেনের মধ্যে দ্বন্দ্ব ছিল। ঘটনার সময় ওই মাঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের লোকেরাই আহত হয়েছেন। শাহদাত হোসেনের কোমর থেকে আটটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।