খুলনায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে দগ্ধ ভাইবোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দুই বছরের মাথায় আবার অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তদের অ্যাসিড-সন্ত্রাসের শিকার কানিজ ফাতেমা (২৪) ও শাওন মাহমুদ (২২) নামের দুই ভাইবোন। গত সোমবার রাতে নগরের বয়রা এলাকার পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) কলোনির সামনে এ ঘটনা ঘটে।
অ্যাসিডদগ্ধ ফাতেমা ও মাহমুদ পিএমজি অফিস কলোনির বাসিন্দা ও ডাক বিভাগের কর্মচারী আইয়ুব আলীর সন্তান। দগ্ধ দুজনকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরে ঢাকায় পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি এমবিএ শেষ করা ফাতেমার মাথা, পিঠ, গলা ও মুখের ২০ শতাংশ ঝলসে গেছে। আর স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওনের শরীরের ১০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অ্যাসিডদগ্ধ শাওন জানান, পড়াশোনা শেষ হওয়ায় ফাতেমা বয়রা বাজারের একটি বিসিএস কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন। সোমবার রাতে সেখান থেকে বোনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন তিনি। কলোনির ফটকের সামনে আসার পর পেছন থেকে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী তাঁদের দিকে অ্যাসিড ছুড়ে মেরে পালিয়ে যায়।
অ্যাসিডদগ্ধ কানিজ ফাতেমা প্রথম আলোকে জানান, কারা, কেন ও কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা তিনি বুঝতে পারছেন না। একই কথা বলেছেন তাঁর বাবা আইয়ুব আলীও। কাউকেই সন্দেহ করতে না পারায় তিনি অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেছেন। আইয়ুব আলী বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কয়েক বছরের মধ্যে কারও সঙ্গে কোনো ঝগড়া-বিবাদ হয়নি। তাই কে বা কারা, কোন উদ্দেশ্যে এমন জঘন্য কাজ করেছে, তা বলতে পারি না।’
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে এখনো অপরাধী শনাক্ত করা যায়নি।
অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, খুলনায় সর্বশেষ অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ২০১৩ সালে। ওই বছরের ২০ জুলাই দগ্ধ হন জেলার তেরখাদা উপজেলার মনোয়ারা খাতুন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটায়। সোমবারের ঘটনাটিসহ খুলনায় ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত ৮৯টি অ্যাসিড নিক্ষেপের ঘটনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন।