খুলনায় পুলিশের গুলিতে কাভার্ড ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গুলিতে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। এর আগে কাভার্ড ভ্যানের ধাক্কায় এপিবিএনের একটি মাইক্রোবাস উল্টে এএসপিসহ পুলিশের ১০ সদস্য আহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও চুকনগরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এপিবিএনের খুলনার অধিনায়ক শহীদুল্লাহ চৌধুরী বলেন, কাভার্ড ভ্যানে করে সাতক্ষীরা সীমান্ত থেকে খুলনার দিকে অস্ত্র ও ভারতীয় কাপড় নিয়ে যাওয়ার খবর পেয়ে এপিবিএনের একটি দল কাভার্ড ভ্যান দুটিকে তল্লাশি করার জন্য দাঁড় করানোর সংকেত দেয়। সামনের ভ্যানটি পুলিশের ইশারা পেয়ে দাঁড়ালেও পেছনেরটি দাঁড় করানো ভ্যানকে অতিক্রম করে সামনে থাকা পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশের গাড়িটি উল্টে গিয়ে ১০ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় গাড়ি থামাতে পুলিশ গুলি করলে ঘটনাস্থলেই ওই গাড়ির চালক নিহত হন। তাঁর পরিচয় জানা যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান টেনে ডুমুরিয়া থানায় নেওয়া হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে কাভার্ড ভ্যান দুটি খুলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়। বিকেলে এসব ভারতীয় কাপড়ের সংখ্যা গণনা ও মূল্য নির্ধারণের কাজ শুরু হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।