খুলনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত রবিউল ওমর ডাকাত ওরফে বাদশা ডাকাত বলে পরিচিত ছিলেন। গতকাল শুক্রবার মধ্যরাতে জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার মালতিয়া গ্রামের জহুর শেখের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, ককটেল, গুলির খোসা, গুলি, চাপাতি, ফেনসিডিলসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় ডুমুরিয়া থানার দুজন উপপরিদর্শক (এসআই) নিমাই ও নুরুল ইসলাম আহত হয়েছেন। তাঁরা ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও এ সময় তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গুলিবিনিময়কালে ডাকাত রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তাঁর সহযোগীরা পালিয়ে যায়। আহত অবস্থায় রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

রবিউলের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান ওসি সুকুমার বিশ্বাস।