গ্রেপ্তারের পর 'বন্দুকযুদ্ধে বনদস্যু' নিহত
গ্রেপ্তার করার পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনারুল সানা নামের এক আসামি নিহত হয়েছে। পুলিশ বলছে, তিনি বনদস্যু জোনাব বাহিনীর সদস্য।
আজ শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের শাকবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আনারুলের বিরুদ্ধে ছয়টি ডাকাতি ও একটি হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার মহারাজপুর গ্রামে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আলী আক্কাছের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার দুপুরে বনদস্যু আনারুলকে কয়রা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। স্বীকারোক্তি অনুযায়ী, তাঁকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়ের একপর্যায়ে আনারুল নিহত হয়।
ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচটি গুলি, দুটি দা ও সাত জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন কনস্টেবল আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।