খুলনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধ', নিহত ১
খুলনার ফুলতলা উপজেলায় গতকাল সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুল ইসলাম শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর পরিবারের দাবি, কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য বন্দুকযুদ্ধের নামে তাঁকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি, তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
ফুলতলার দামোদর শীতপাশাডাঙ্গা গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে মনিরুল। তাঁর মা সাহিদা বেগম (৬০) বলেন, অভাব-অনটনের কারণে তাঁর শান্ত প্রকৃতির ছেলে ভ্যান চালিয়ে ও ইটভাটায় ইট টেনে জীবিকা নির্বাহ করত। কয়েক বছর আগে দামোদর প্রাইমারি স্কুল এলাকার কতিপয় যুবকের প্ররোচনায় পড়ে মনিরুল বিপথগামী হয়ে পড়ে। কিছুসংখ্যক মানুষের স্বার্থ রক্ষার জন্য বন্দুকযুদ্ধের নামে তাঁকে হত্যা করা হয়েছে বলে সাহিদা বেগম অভিযোগ করেন।
পুলিশের ভাষ্যমতে, দ্বিতীয় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে নড়াইলের কালিয়া থানা-পুলিশ বারোইপাড়া গ্রাম থেকে মনিরুলকে আটক করে। খবর পেয়ে ফুলতলা থানা-পুলিশ ফুলতলার তাজপুর গ্রামের হেলাল গাজী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফুলতলায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে মনিরুল তাঁর সহযোগী ক্যাডারদের নাম প্রকাশ ও তাঁদের হেফাজতে থাকা অস্ত্রের সন্ধান দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাত দুইটার দিকে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে নামে। ফুলতলা-জামিরা সড়কের ধোপাখোলা জুনিয়র স্কুলসংলগ্ন বিলডাকাতিয়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মনিরুলের ক্যাডাররা পুলিশের ওপর এলোপাতাড়িভাবে গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ক্যাডাররা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মনিরুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
ফুলতলা থানার ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিন জানান, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার মনিরুল ফুলতলা বাজারের ব্যবসায়ী জিন্নাহ ভুঁইয়া, আলকা গ্রামের রাজু মোল্লা, তাজপুরের হেলাল গাজী, চাতাল শ্রমিক জসিম, গোপিনাথপুর গ্রামের শাহিন এবং দামোদর গ্রামের মুকুল হত্যা মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি ও অস্ত্র মামলাও রয়েছে।
ওসি বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় এসআই ইয়াছিন আলম চৌধুরী, উজ্জ্বল, কনস্টেবল হুসাইন, আল মামুন ও কৃষ্ণপদ আহত হন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, একটি পাইপগান, একটি ওয়ান স্যুটারগান, ছয়টি তাজা বোমা, সাতটি গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশ মনিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।