খুলনায় প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় প্রকাশ্যে গুলি করে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের দৌলত-পুর থানার যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
পুলিশের দাবি, শহিদুল নিষিদ্ধ-ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় চারটি হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে। তা ছাড়া বেশ কয়েকটি সাধারণ ডায়েরিও আছে। তিনি শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় ছিলেন।
নগরের পাবলা এলাকার শওকত হোসেনের ছেলে শহিদুল। তাঁর বড় ভাই শাহিনুর ইসলাম ২০১৩ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহিদুল গতকাল বিকেল চারটার দিকে ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) করে দৌলতপুর থানার যশোর-খুলনা মহাসড়কে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন একদল সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আবদুল্লাহ আরেফ বলেন, ‘আমরা শহিদুলকে হত্যার কারণ উদ্ঘাটন করতে পেরেছি। পুলিশের তৎপরতায় কিলিং মিশনে অংশ নেওয়া তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরার ব্যাপারে অভিযান চলছে।’
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। আটক ব্যক্তিদের নাম বেনু, ফারুক ও টিপু।