খুলনায় ফুটপাত দখলে

খুলনা শহরের ফুটপাতগুলোর বেশির ভাগই নানাভাবে দখলে চলে গেছে। নিরাপদে হাঁটার এই জায়গাটুকু আর পথচারীদের অধিকারে নেই। ঝুঁকি নিয়ে তাই রাস্তা দিয়ে চলতে-ফিরতে হচ্ছে তাঁদের। কিন্তু সেখানেও বিপত্তি। রাস্তার বড় একটা অংশও যে হকারদের দখলে। সব মিলিয়ে শহরে দিন দিন সংকুচিত হচ্ছে হাঁটার জায়গা।
বেশির ভাগ এলাকায় ফুটপাত থেকে নামতেই রাস্তার পাশজুড়ে সারি সারি ইজিবাইক, বাইসাইকেল ও মোটরসাইকেল। কোথাও কোথাও গাড়ি পার্ক করা। আর শীত মৌসুমে ফুটপাত ও সড়ক দখল করে বেড়েছে হকারদের ব্যবসার তৎপরতা।
খুলনা সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের আয়তন ৪৬ বর্গকিলোমিটার। পাকা সড়ক আছে ৬৪১ কিলোমিটার। ফুটপাতের সঠিক হিসাব না থাকলেও প্রায় ২৫ কিলোমিটার ফুটপাত দখল হয়ে আছে।
সূত্রটি জানায়, বছরের বেশির ভাগ সময় করপোরেশনের নির্বাহী হাকিমের পদটি শূন্য থাকে। এ কারণে সড়ক ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। তারপরও মাঝেমধ্যে অভিযান চালানো হয়। কিন্তু পরে ফুটপাত আবার দখল হয়ে যায়।
গত সোম ও মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, পাওয়ার হাউস মোড় থেকে বাংলাদেশ ব্যাংকের মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ফুটপাতের পুরোটাই হকারদের দখলে। সেখানে পা ফেলার জো নেই। ফুটপাতজুড়ে দোকানের সারি। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে রাস্তার অর্ধেক পর্যন্ত চলে এসেছে দোকানপাট। খুলনা ওয়াসার সামনে ও পিকচার প্যালেস মোড়ের ফুটপাতে শীতবস্ত্রের দোকানের পাশাপাশি রয়েছে মাছ ও ফলের দোকান। শামসুর রহমান রোড ও পিটিআই মোড়ের অদূরেও সবজি বিক্রির ভ্রাম্যমাণ গাড়ির সারি।
সরেজমিনে আরও দেখা গেছে, শহরের অন্যতম ব্যস্ত এলাকা পুরোনো যশোর রোডের খুলনা শপিং কমপ্লেক্সের বিপরীতে রাস্তার অর্ধেকজুড়ে সাইকেল সাজানো। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের দেয়ালসংলগ্ন ফুটপাত ও জেলা আইনজীবী সমিতির সামনের ফুটপাতও কাপড়ের ব্যবসায়ীদের দখলে। জেলা প্রশাসক কার্যালয়ের দেয়ালসংলগ্ন কাপড় বিক্রেতা মো. রফিক বলেন, ‘এখানে শীতের সময়ে তিন মাস ব্যবসা করি। তারপর চলে যাব। ফুটপাত আটকে দোকান বসানো ঠিক না। কিন্তু আমাদের তো বাঁচতে হবে।’ এদিন ডাকবাংলো মোড়ে কথা হয় পথচারী ইয়াসিন হাওলাদারের সঙ্গে। তিনি বলেন, খুলনার ফুটপাত সারা বছরই দখল হয়ে থাকে। আগে বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করা গেলেও এখন শীত ও ঈদ মৌসুমে ব্যবসায়ীরা রাস্তার মাঝামাঝি পর্যন্ত চলে আসেন। এতে ভোগান্তির চূড়ান্ত হয়।
রূপসা ট্রাফিক মোড় থেকে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার ফুটপাতের পুরোটাই দখল করে রেখেছেন কাঠের আসবাবের দোকানিরা। কলেজিয়েট স্কুলের পর থেকে টুটপাড়া কবরখানা মোড় পর্যন্ত ফুটপাতজুড়ে গাড়ি মেরামতের দোকান। রয়েল মোড় থেকে ডাকবাংলো ফেরিঘাট পর্যন্ত ফুটপাত দখল করে আছে স্যানিটারিসামগ্রীর দোকান। রূপসা এলাকার ব্যাংক কর্মকর্তা মঈন খান বলেন, এখানকার ফুটপাত ধরে হাঁটা সম্ভব না। দিন দিন হাঁটার জায়গা কমছে। বিষয়টি চোখসওয়া হয়ে গেছে। মেনে নেওয়া ছাড়া উপায় কী!
ময়লাপোতা মোড় থেকে গল্লামারী পর্যন্ত ফুটপাত লেপতোশক, খাবার ও ভাঙারির দোকানের দখলে। ময়লাপোতায় সিটি করপোরেশনের নির্ধারিত সান্ধ্য বাজারের বাইরের অংশে অস্থায়ী দোকান বসায় সন্ধ্যার পর থেকে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সেখানকার এক পথচারী তিথি বিশ্বাস বলেন, ‘সন্ধ্যায় গাড়ির চাপে আমাদের রাস্তার এপার থেকে ওপার যেতে ১৫-২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। আর রাস্তার পাশ দিয়ে হাঁটতে তো বুক কাঁপে।’
সোনাডাঙা বাসস্ট্যান্ড থেকে বয়রা বাজার পর্যন্ত সড়ক ও ফুটপাতও নির্মাণসামগ্রীর দখলে। সেখানে এখন ইট, খোয়া, পাথর, বালু ও রডের সমাহার।
এ বিষয়ে যোগাযোগ করলে খুলনা সিটি করপোরেশনের সম্পত্তিবিষয়ক (এস্টেট) কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সিটি করপোরেশনে দুই মাসের বেশি ধরে ম্যাজিস্ট্রেট নেই। আগামী সপ্তাহে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালানো হবে।