খুলনায় বন্দুকযুদ্ধে নিহত ১, পুলিশের দাবি সন্ত্রাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার যুগ্নীপাশা এলাকায় গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল রানা (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, সোহেল তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ অন্তত সাতটি মামলা আছে।
নিহত সোহেলের বাড়ি যশোরের অভয়নগর থানার রানাগাতি গ্রামে। বাবার নাম আবদুল ওহাব ফকির।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস ফকিরের ভাষ্য, শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে ফুলতলার পয়গ্রাম কসবা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেন তাঁর কাছে আরও অস্ত্র আছে। সেই অস্ত্র উদ্ধারে সোহেলকে নিয়ে যুগ্নীপাশার তেলীপুকুর এলাকায় গেলে সেখানে ওত পেতে থাকা তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় দুপক্ষের গোলাগুলির একপর্যায়ে সোহেল রানা গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।
ইলিয়াস ফকির দাবি করেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি সিক্স শ্যুটার গান, ১৪টি গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, সোহেলের বিরুদ্ধে ফুলতলা থানায় দুটি হত্যা ও দুটি গাড়ি পোড়ানোর মামলা এবং যশোরের অভয়নগর থানায় দুটি বোমাবাজি ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। সোহেল যশোর জেলার বিশেষ শাখার (ডিএসবি) তালিকাভুক্ত ৪০ নম্বর সন্ত্রাসী।
যশোর ডিএসবির ওসি মীর রেজাউল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তিনি তাৎক্ষণিকভাবে তাঁদের তালিকায় সোহেল রানার নাম খুঁজে পাননি। আজ রোববার তালিকা দেখে বিষয়টি নিশ্চিত করতে পারবেন।
‘বন্দুকযুদ্ধ’ একজন গুলিবিদ্ধ: নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকায় শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাজাহান আলী সরদার (৪০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। শাহাজাহানের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে। তিনি তালা উপজেলার ধানদিয়া গ্রামের গহর সরদারের ছেলে।
তালার পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলামের ভাষ্য, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের টহল দল খবর পায় ১২ থেকে ১৪ জন ডাকাত সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা এলাকায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালাতে যায় পুলিশ। ঘটনাস্থলে যাওয়ামাত্র পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইটপাটকেল ও পরে গুলি ছোড়ে ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে শাহাজাহানকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ শাহাজাহানের ভাই আতিয়ার রহমানের দাবি, বুধবার সন্ধ্যায় ধানদিয়া অশোকের মোড় থেকে পুলিশ শাহজানকে আটক করে। থানায় খোঁজ নিতে গেলে পুলিশ আটকের কথা অস্বীকার করে। শনিবার ভোরে তিনি এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন, তাঁর ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, শাহাজাহান আলী একজন ডাকাত। তাঁর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় দুটিসহ মোট চারটি মামলা রয়েছে।