খুলনায় গতকাল শুক্রবার লুডু খেলাকে কেন্দ্র করে দুই বন্ধুর মারামারির একপর্যায়ে বাটালের কোপে এক বন্ধু ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তাঁর নাম সাজু জমাদ্দার (১৮)। বাটালের আঘাতে অপর বন্ধু জুয়েল বিশ্বাসও (২৩) গুরুতর আহত হন।
খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাজার এলাকায় এ মারামারির ঘটনা ঘটে। আহত জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলতলা বাজারে কৃত্রিম ফুল তৈরির একটি কারখানায় কারিগর হিসেবে কাজ করতেন সাজু ও জুয়েল। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কাজের ফাঁকে দুই বন্ধু লুডু খেলছিলেন। এই খেলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনই দুজনের ওপর ফুল বানানোর কাজে ব্যবহার করা বাটাল নিয়ে কারখানাসংলগ্ন স্বনির্ভর সড়ক মোড়ে মারামারিতে লিপ্ত হন। সাজু বাটাল দিয়ে জুয়েলের পিঠে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এ অবস্থায় জুয়েল বাটাল দিয়ে সাজুর বঁা পায়ে কোপান। পরে আশপাশের লোকজন এসে দুজনকেই দ্রুত ফুলতলা হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করেন। অপর দিকে জুয়েলের অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফুলতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ ফকির বলেন, দুই বন্ধুর মারামারির একপর্যায়ে বাটালের আঘাতে একজন মারা গেছেন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি সুস্থ হলে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।