খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আলমগীর হোসেন নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে নগরের আড়ংঘাটা থানার গাইকুড় মধ্যডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আলমগীর গাইকুড় মধ্যডাঙ্গা এলাকার মৃত আকবর আলী শেখের ছেলে। তিনি নগরের দৌলতপুর থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও খুলনা সিটি করপোরেশনের একজন ঠিকাদার ও ব্যবসায়ী ছিলেন।
আড়ংঘাটা থানার ওসি মো. নাসিম খান বলেন, রাত পৌনে ১১টার দিকে আলমগীর মধ্যডাঙ্গা এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। মাথার বাম পাশে গুলি লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গতকাল শনিবার দুপুরে ওসি বলেন, ঠিকাদারি ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আলমগীরের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
খুলনা নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আলমগীর নগরের দৌলতপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের শিল্পবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া দৌলতপুর থানার প্রস্তাবিত নতুন কমিটির সহসভাপতি হিসেবে তাঁর নাম ছিল। তাঁর হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা বিএনপি কর্মসূচি দেবে বলে জানান নজরুল ইসলাম।