খুলনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় চিংড়ি ব্যবসায়ী আবদুল জলিলকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে রূপসা উপজেলার রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জলিল রামনগর গ্রামের আবদুল করিমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আবদুল জলিল পূর্ব রূপসার সবুজ ফিশের মালিক। তিনি সেখানে চিংড়ি কেনাবেচা করেন। রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে নিজ বাড়ির সামনের চায়ের দোকানে বসেন। এ সময় এক ব্যক্তি কথা বলার জন্য তাঁকে ডাকেন। তিনি দোকান থেকে উঠে ওই ব্যক্তির কাছে যান। এর কিছুক্ষণ পর বাড়ির পাশে জলিলকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে।