খুলনায় ভিওআইপি সরঞ্জামসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার রাতে শহরের কয়লাঘাট সড়কে সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের বাড়ির ভাড়াটের ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. রাশেদ শিকদার (২৯) ও তাঁর স্ত্রী হারুনার রশিদ লিলি। রাশেদ রূপসা উপজেলার খান মোহাম্মদপুর গ্রামের খলিল শিকদারের ছেলে।
তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি ভিওআইপি মেশিন, ১ হাজার ৪৩১টি সিম কার্ড ও একটি ল্যাপটপ। ভিওআইপি মেশিনের একটির মধ্যে ৩২টি ও অপর দুটির মধ্যে ৩৬টি করে সিম কার্ড ছিল। এসব মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
এ ঘটনায় গতকাল দুপুরে খুলনা সদর থানায় মামলা করেছেন সিআইডির উপপরিদর্শক অনুপ কুমার দাস। উদ্ধার হওয়া মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।
সিআইডির অর্গানাইজ ক্রাইম টিমের পরিদর্শক মোল্লা খালিদ হোসেন বলেন, শেখ তৈয়েবুর রহমানের বাসভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন কবির ও জাহাঙ্গীর নামে রূপসা এলাকার দুই ভাই। রাশেদ ও লিলি তাঁদের কর্মচারী হিসেবে ওই বাসায় থাকতেন। দুবাই থেকে অবৈধ ভিওআইপি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন কবির ও জাহাঙ্গীরের আরেক ভাই রফিক। কবির ও জাহাঙ্গীর পলাতক রয়েছেন। চার মাস ধরে ওই বাড়িতে অবৈধ ভিওআইপি ব্যবসা চলে আসছিল।