খুলনায় ভুয়া ডিবি পুলিশ ও জলদস্যু আটক
খুলনায় র্যা ব-৬-এর অভিযানে ভুয়া ডিবি পুলিশ, জলদস্যু ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনভর পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যা ব-৬-এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম।
অভিযানে ৩ মার্চ বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুর রশিদের বাড়িতে ডাকাতি হওয়া মালামাল এবং ডাকাতির সময় ওই বাড়ি থেকে নিয়ে যাওয়া লাইসেন্স করা একটি দোনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে এসব অভিযানের বিস্তারিত তুলে ধরতে র্যা ব-৬-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র্যা ব-৬-এর পরিচালক বলেন, বুধবার পাট কিনতে মাদারীপুর থেকে মোটরসাইকেল নিয়ে যশোরের উদ্দেশে বের হন ব্যবসায়ী আতিয়ার ঢালী ও সুমন হোসেন। খুলনায় পৌঁছালে বৃষ্টিতে আটকা পড়েন তাঁরা। এ সময় পূর্বপরিচিত একজনকে হোটেল ঠিক করতে বলেন। তাঁদের কাছে অনেক টাকা আছে বলেও জানান ওই ব্যক্তিকে। পরদিন সকালে নগরের খালিশপুর এলাকা থেকে ডিবি পরিচয় দিয়ে তাঁদের মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। র্যা ব ব্যাপারটি জানতে পেরে ব্যবসায়ীদের উদ্ধার করে এবং ভুয়া ডিবি পরিচয় দেওয়া ছয়জনকে আটক করে। আটককৃতরা হলেন খালিশপুর এলাকার বাবুল শেখ (৪৮), রূপসা এলাকার শেখ জাহান আলী (৩৯) ও খলিল (২৫), ডুমুরিয়া এলাকার অলিয়ার শেখ (২৭), নগরের টুটপাড়া এলাকার কাজী মো. নয়ন (২৫) এবং পূর্ব বানিয়া খামার এলাকার মো. সোহাগ (৩০)। আটককৃতদের ব্যাপারে খুলনা সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া বুধবার অভিযান চালিয়ে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা পাড় গোবিন্দপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোংলা এলাকার বিল্লাল শেখ (১৯) ও রামপাল এলাকার আবদুল খালেক শেখ (৬৩)। অভিযানের সময় তিনজন পালিয়ে যান। র্যা বের দাবি, আটককৃতরা নতুন জলদস্যু বাহিনী গঠন করছিলেন। তাঁদের কাছ থেকে দুটি দেশি তৈরি পাইপগান, বন্দুকের পাঁচটি গুলি ও গুলির চারটি খোসা উদ্ধার করা হয়েছে।