খুলনায় মাছ ব্যবসায়ীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই
খুলনায় মো. আশরাফুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা ৬০ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রূপসার ইলাইপুর গ্রামের বাসিন্দা স্থানীয় লামিয়া ফিশ নামের একটি প্রতিষ্ঠানের মালিক আশরাফুল ইসলাম ও তাঁর ভাতিজা মো. রবিউল ইসলাম খুলনার ব্র্যাক ব্যাংক থেকে ৬০ লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। উপজেলার জাবুসা এলাকায় একদল অস্ত্রধারী মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করে। কিন্তু তাঁরা মোটরসাইকেল না থামানোয় অস্ত্রধারীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন। একপর্যায়ে অস্ত্রধারীরা তাঁর কাছে থাকা ৬০ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় রবিউল বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রধারীরা তাঁকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী দুজনকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামান জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। টাকাও উদ্ধার হয়নি। তবে টাকা উদ্ধারে অভিযান চলছে।