খুলনা নগরের শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে বিজয় দিবসের অনুষ্ঠানে বাধা দেওয়ায় মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনা জেলা সংসদ। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা সিটি করপোরেশনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
খুলনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছিমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উদীচী জেলা সংসদের সহসভাপতি বিপ্লব চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোট দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক মো. শরীফ খান, বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি শেখ বাহারুল আলম প্রমুখ।
গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা বিজয় দিবসের অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও আপত্তিকর মন্তব্যের বিষয়ে সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। অন্যথায় দ্রুত পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।