খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের বাগমারা খালপাড় এলাকায় অজ্ঞাতপরিচয় ২৮-৩০ বছর বয়সের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা সদর থানা–পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত যুবকের দুই হাতের কবজি শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এ ছাড়া তাঁর মুখ, বুক, পিঠ ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এরপর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী কেউ তাঁর পরিচয় জানাতে পারেননি।