খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা (দক্ষিণ) জেলা জামায়াতে ইসলামীর আমির আ খ ম তমিজউদ্দিনকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তমিজউদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার কয়রা ও পাইকগাছায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, তমিজউদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে বাধাদান, গাড়ি পোড়ানো ও সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সেটি অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তমিজউদ্দিনকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের বিষয়ে গত বুধবার রাতে অনুমতি মিলেছে। এরপর সকালে তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
খুলনা (দক্ষিণ) জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম সরোয়ার বলেন, তমিজউদ্দিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল শনিবার বিক্ষোভ ও রোববার হরতাল ডাকা হয়েছে।
তেরখাদায় হরতাল পালিত: জেলার তেরখাদা উপজেলা জামায়াতের আমির কবিরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল ওই উপজেলায় শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
কয়েকজন এলাকাবাসী জানান, জামায়াতের ডাকা হরতালে উপজেলা সদরে রিকশা ও ভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করেনি। বেশির ভাগ দোকানপাট ছিল বন্ধ। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
মঙ্গলবার ভোররাতে আটলিয়া মাদ্রাসা থেকে জামায়াত নেতা কবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।