খুলনায় শিশুসদনের তিন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১
খুলনা নগরের টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে। গত রোববার তাঁকে গ্রেপ্তারের পর গতকাল সোমবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
অভিযুক্ত স্কুল দপ্তরি বাচ্চু হাওলাদার টুটপাড়া সেন্ট্রাল রোডের বাসিন্দা। নির্যাতিত শিশুরা খুলনার সরকারি শিশু পরিবারে (শিশুসদন) থেকে লেখাপড়া করে।
স্কুলের অভিভাবক ও পুলিশ সূত্রে জানা গেছে, টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই তিন শিশুকে ৫ ডিসেম্বর বাথরুমে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন বাচ্চু। বিষয়টি জেনে অন্য শিশুদের অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেন। গত রোববার অভিভাবকেরা স্কুল এলাকায় বিক্ষোভ করেন এবং জেলা প্রশাসককে খবর দেন। জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে বাচ্চুকে গ্রেপ্তার এবং মামলা করার নির্দেশ দেন।
স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বলেন, দপ্তরিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক আবিদা আফরিন গত রোববার বাচ্চুর বিরুদ্ধে মামলা করেন। গতকাল তাঁকে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।