খুলনায় শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানি ঘটালেন হত্যা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে শেখ আলিমুল হোসেন (২৫) নামের এক যুবক এ ঘটনা ঘটান। এ ঘটনার প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক বাদী হয়ে ওই যুবককে আসামি করে ফুলতলা থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের অ্যাসেম্বলি শুরু হওয়ার আগে সকাল সাড়ে আটটায় খানজাহানপুর গ্রামের শেখ আলিমুল হোসেন শ্রেণিকক্ষে ঢুকে পড়েন। সে সময় উপস্থিত শিক্ষার্থীদের সামনেই নবম শ্রেণির হিন্দু ধর্মাবলম্বী একজন ছাত্রীর শ্লীলতাহানির পর সে চলে যায়। ঘটনার প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তার দাবিতে ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। পরে প্রধান শিক্ষক পুলিশ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদকে জানান। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী ঘটনাস্থল পরিদর্শন ও উপস্থিত ছাত্রীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে অবহিত হন।

পরে প্রধান শিক্ষক বাদী হয়ে আলিমুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলতলা থানায় মামলা করেন।

ওই স্কুলের প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘ক্লাস শুরুর মিনিট দশেক আগে আলিমুল নামের একজন বখাটে গেট দিয়ে স্কুলের মধ্যে ক্লাসে ঢুকে মেয়েটির সঙ্গে “অসভ্যতা” করেছে। ক্লাস থেকে শিক্ষকদের কক্ষ একটু দূরে হওয়ায় তার ঢুকে পড়াটা আমরা দেখতে পাইনি। তাকে ধরার আগে সে পালিয়ে গেছে।’

এ ব্যাপারে ফুলতলা থানার ওসি মো. আসাদুজ্জামান মুন্সী প্রথম আলোকে বলেন, শেখ আলিমুলের বিরুদ্ধে ফুলতলা থানায় গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বেজেরডাঙ্গা এলাকায় যুবলীগ কর্মী জনি মোল্যা হত্যা, অস্ত্র আইনে মামলাসহ নাশকতার একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় বখাটে বলে পরিচিত। আলিমুল পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।