খুলনায় সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সকালের খবর পত্রিকার খুলনা ব্যুরোপ্রধান মল্লিক সুধাংশু সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন সড়কে এ হামলা হয়। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গতকাল মল্লিক সুধাংশু প্রাতর্ভ্রমণে বেরোন। সকাল সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন সড়কে অনিন্দ্যসুন্দর মণ্ডল নামের এক ‘চরমপন্থী’ তাঁর গতিরোধ করেন। অতর্কিতে একটি অস্ত্র দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করেন। এতে মল্লিক মাটিতে লুটিয়ে পড়েন। পরে অনিন্দ্য ওই অস্ত্রটি তাঁর মাথায় ঠেকিয়ে মল্লিককে হত্যার হুমকি দেন। এ সময় অন্য কয়েকজন পথচারী এগিয়ে এলে হামলাকারী দৌড়ে পালিয়ে যান।
মল্লিক প্রথম আলোকে বলেন, অনিন্দ্য চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা মৃণালের অনুসারী। তাঁর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামে। কিন্তু তিনি খুলনা শহরে থাকেন। এর আগে চরমপন্থীদের নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে তাঁকে হত্যার চেষ্টা করেন অনিন্দ্য। এর আগেও তাঁকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছিলেন তিনি।
হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাত জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।