খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় সরকারি বিএল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লাকে (২৭) কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে দৌলতপুরের দেয়ানা মধ্যপাড়া এলাকার হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
শিবলু মোল্লা ওই এলাকার ফারুকুজ্জামান বাবু মোল্লার ছেলে এবং খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লার ভাতিজা।
ফারুকুজ্জামান বলেন, দেয়ানা মধ্যপাড়া এলাকায় শহিদুল ইসলাম ও খোকন নামে দুই ভাইয়ের চানাচুর তৈরির একটি কারখানা আছে। দুই দিন আগে ওই এলাকার আমীর শেখের ছেলে আরিফ ও রহমান এবং তাঁদের সহযোগীরা শহিদুলের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাঁর ছেলের সঙ্গে শহিদুলের ঘনিষ্ঠতা ছিল। শিবলু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছিলেন। এ কারণে মঙ্গলবার রাতে ওই মোড়ে গেলে আরিফ ও তাঁর ভাইয়েরা তাঁর ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেয়ানা বাউন্ডারি রোড হাসপাতাল মোড়ে লিটনের চায়ের দোকানে বসে রাতে আড্ডা দিচ্ছিলেন শিবলু। রাত সোয়া ১০টায় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন। শিবলুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। শিবলুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওয়ার্ড কাউন্সিলর কবু মোল্লা বলেন, শহিদুলের কাছে চাঁদা দাবি নিয়ে আরিফের সঙ্গে শিবলুর বাগ্বিতণ্ডা হয়েছিল। এরপর তাঁরা ১০ ভাই সংঘবদ্ধ হয়ে শিবলুর ওপর হামলা চালান। এর আগেও আরিফ ও তাঁর ভাইয়েরা বিভিন্ন সময় কয়েকজনের ওপর হামলা করেছেন।
গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই চায়ের দোকানটি বন্ধ। দোকানের বারান্দায় রক্তের ছোপ ছোপ দাগ। পাশে মানুষের জটলা। সেখানে কয়েকজন পুলিশকেও টহল দিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফের ভাই মোস্তফা কামাল নগরের আড়ংঘাটা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। ঘটনার সময় বিপ্লবও সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পর থেকে আরিফের পরিবারের সবাই পলাতক রয়েছেন। তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান মুঠোফোনে বলেন, বিপ্লব থানার অধীন একটি ফাঁড়িতে কর্মরত। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কি না, তদন্ত করে দেখতে হবে।
লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিকাইল হোসেন। তিনি বলেন, লাশের শরীরে ধারালো অস্ত্রের ২০-২২টি আঘাতের চিহ্ন আছে। মাথা, ঘাড়, হাত, পিঠ ও বুকে জখমের চিহ্ন আছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গতকাল বিকেলে বলেন, শিবলু ও আরিফ খুবই ঘনিষ্ঠ ছিলেন। মূলত চাঁদার টাকার ভাগ নিয়ে শিবলু খুন হয়েছেন। শিবলুর বিরুদ্ধে চারটি নাশকতার মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এখনো কেউ মামলা করেনি।
এদিকে গতকাল এক বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।