খুলনায় সাড়ে ৯ কোটি টাকার কাজ ভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সরকারের সাড়ে নয় কোটি টাকার চারটি গ্রুপের কাজ ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সাংসদের ভাইয়ের নেতৃত্বে তাঁর সমর্থিত ঠিকাদারদের ভাগ-বাঁটোয়ারা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নেতৃত্বদানকারী ওই ব্যক্তি হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের সাংসদ এস এম মোস্তফা রশীদী সুজার ভাই এস এম মোয়াজ্জেম রশীদী দোজা। নগরের রূপসা ভৈরব স্ট্যান্ড রোডে দোজার ব্যক্তিগত ক্লিনিক ড্যাফসের দোতলার অফিসে বসে ওই ভাগ-বাঁটোয়ারা সারা হয়। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই নেতার বাধায় তাঁরা শিডিউল কিনেও জমা দিতে পারেননি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং এলজিইডির অধীন খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া ও রূপসার আলাইপুর গ্রোথ সেন্টার, পাইকগাছার সোনাদানা বাজার ও তেরখাদার আবদুলের মোড় থেকে কোলা বাজার হয়ে মাঝিরগাতি পর্যন্ত রাস্তার উন্নয়নকাজে গত ২৮ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়। গত মঙ্গলবার ছিল শিডিউল কেনার শেষ দিন। আর দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বুধবার বেলা দেড়টা। নির্ধারিত সময়ের পর দরপত্র জমা দেওয়ার বাক্স খুলে দেখা যায়, ওই চার গ্রুপের কাজে ১৩টি দরপত্র জমা পড়েছে। এর মধ্যে দাকোপ, রূপসা ও পাইকগাছার কাজে মাত্র তিনটি করে এবং তেরখাদার কাজে চারটি।
ঠিকাদারেরা অভিযোগ করেন, দরপত্র জমা ও খোলার নির্দিষ্ট দিন গতকালের আগেই মঙ্গলবার রাতে সাংসদের ভাই দোজার অফিসে বসে দরপত্র সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হয়। যেসব ঠিকাদার শিডিউল কিনেছিলেন, তাঁদের ডেকে শিডিউল নিয়ে নেওয়া হয়। তেরখাদা এলাকার ছয় কোটি টাকার একটি কাজে সাংসদের কথা উল্লেখ করে তাঁর ভাই বলেন, এটি ভাইজানের লাগবে। আর বাকি কাজগুলো দলের নিবেদিত কর্মীদের দেওয়া হবে। কার্যাদেশ পেলে শিডিউল কেনা ঠিকাদারদের পুষিয়ে দেওয়া হবে।
ঠিকাদারদের আরও অভিযোগ, গতকাল সকাল থেকেই নগরের রূপসা ভৈরব স্ট্যান্ড রোডের এলজিইডি ভবনে সাংসদের অনুসারীরা পাহারা বসান। তাঁদের বাধায় কোনো ঠিকাদার ভবনটিতে ঢুকতে পারেননি।
এ ব্যাপারে সাংসদের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁকে একটি খুদে বার্তা পাঠানো হয়। এরও জবাব দেননি তিনি। এ ছাড়া দোজার মুঠোফোনে চেষ্টা করে তাঁকেও পাওয়া যায়নি।
কাজ ভাগ-বাঁটোয়ারার অভিযোগ প্রসঙ্গে এলজিইডির নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘অফিসের অভ্যন্তরে কিছুই হয়নি। তবে বাইরে কিছু হলে তাতে আমাদের কিছু করার নেই।’