খুলনায় স্ত্রী-শাশুড়িসহ আটজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলায় শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে খাইরুল ইসলাম ওরফে পরাগ (২৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী, স্ত্রীর ভাই ও শাশুড়িসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে খাইরুলের বাবা খতিবুল ইসলাম বাদী হয়ে রূপসা থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার আসামিরা হলেন পরাগের স্ত্রী ফাহিমা হোসেন, শাশুড়ি শামসুন্নাহার, স্ত্রীর ভাই নজরুল, মামাশ্বশুর নাজিম সরদার, কামরুল হোসেন, রেজওয়ান, শাহাদাৎ হোসেন ও ফাহিমার কথিত প্রেমিক শাকিল।

গত রোববার রাতে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে খাইরুলকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখা হয়। সোমবার সকালে পুলিশ সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী বলেন, গ্রেপ্তার চারজনের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।