খুলনায় সড়কের কাজ বন্ধ করে দিলেন আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকদারের কাছ থেকে ‘ঈদ খরচের’ টাকা না পাওয়ায় খুলনা নগরের লবণচরা এলাকায় সড়ক সংস্কারের কাজ আওয়ামী লীগের স্থানীয় নেতারা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার সকালে লবণচরা মোক্তার হোসেন সড়কে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীকে মারধর করে যন্ত্রপাতি পানিতে ফেলে দেওয়া হয়।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সূত্রে জানা গেছে, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় নদীর তীরবর্তী ২২টি সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের কাজ চলছে। জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করছে। এই কাজে মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা। কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স।
ভুক্তভোগীরা বলেন, সকাল ১০টার দিকে ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে কাজ বন্ধ রাখতে বলেন। এ সময় তাঁদের সঙ্গে তর্কে জড়ালে প্রতিষ্ঠানের প্রকৌশলী রেজাউল ইসলাম ও রুবেল মোল্লাকে মারধর করা হয়। তাঁদের ইটসহ অন্যান্য সরঞ্জাম পানিতে ফেলে দেওয়া হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজর আনিসুর রহমান বলেন, ‘রোজার শুরুতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিটু মোল্লা ইফতার মাহফিলের জন্য ৩০ হাজার টাকা চান। তখন তাঁদের ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এখন ঈদের আগে কিছু খরচ চাচ্ছেন। আমরা দেওয়ার কথা বলেছি। কিন্তু এরপরও লোকজনদের মারধর করা হলো।’
তবে অভিযোগ অস্বীকার করে সাইফুর রহমান পিটু মোল্লা বলেন, ‘কাজ এত নিম্নমানের ছিল যে সহ্য করাই দায়। তাই এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে। স্থানীয় শ্রমিকদের দু-একটা চড়-থাপ্পড় দিয়েছে।’
টাকা চাওয়ার ব্যাপারে পিটু মোল্লা বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো দিন অন্যায়ভাবে কোনো টাকা নিয়েছি, এটা কেউ বলতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’
কেসিসির ভারপ্রাপ্ত মেয়র শেখ হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি শোনার পর আমি স্থানীয় সাংসদ মিজানুর রহমান ও আওয়ামী লীগের অন্য নেতাদের জানিয়েছি।’