খুলনায় ১২ বছরের শিশুকে আটকে রেখে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক কোয়ার্টারে আড়াই মাস বন্দী থাকা ১২ বছর বয়সের এক শিশুকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিশুটিকে ফ্ল্যাটে বন্দী রেখে শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারসহ তিনজনের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শিশুটিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার ওপর আড়াই মাস ধরে চলা নির্যাতনের ঘটনার বর্ণনা দেয় সে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম শিশুটির জবানবন্দি রেকর্ড করেন। মামলার আসামিরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সাহানা নাজনীন (৪২), তাঁর স্বামী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী এবং শিশুটিকে ফুসলিয়ে তাঁদের কাছে দিয়ে আসা অজ্ঞাতনামা একজন নারী (৪০)।

নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার এস এম কামরুল ইসলাম বলেন, আড়াই মাস আগে মেয়েটি হারিয়ে যায়। এ নিয়ে এলাকায় মাইকিং ও থানায় জিডিও করা হয়। পরে মেয়েটির অভিভাবকেরা জানতে পারেন, সে বিশ্ববিদ্যালয়ে ওই কোয়ার্টারে আছে। কয়েকবার সেখানে গেলেও ওই কোয়ার্টারের বাসিন্দারা মেয়েটি থাকার কথা অস্বীকার করেন। পরে তাঁরা পুলিশকে ব্যাপারটি জানালে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

কামরুল ইসলাম আরও বলেন, উদ্ধারের পর মেয়েটির কাছ থেকে জানা যায়, তাকে বিভিন্ন সময় শারীরিক ও যৌন নিপীড়ন করা হতো।