খুলনায় ২০ দলের অর্ধ শতাধিক নেতা-কর্মীর নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানো ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে হওয়া দুই মামলায় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গত ৩১ মে খুলনা সদর থানার এসআই তাপস পাল মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। এতে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নজরুল ইসলাম (মঞ্জু), সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, জামায়াতের নায়েবে আমির শফিকুল আলম, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুর রহমান, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন, নগর যুবদলের সভাপতি শফিকুল আলম ও সাধারণ সম্পাদক শের আলমসহ ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
২০১৪ সালের ৪ জানুয়ারি নগরের পিটিআই মোড়ে একটি ইজিবাইকে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় ইজিবাইকচালক রবিউল ইসলাম ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলাটি করেন। এর আগে গত ৩০ এপ্রিল সদর থানায় দায়ের করা আরেকটি মামলায় মেয়র মনিরুজ্জামান, নজরুল ইসলাম, ২০ নম্বরে ওয়ার্ডের কাউন্সিলর শেখ মো. গাউসুল আযমসহ ২০ দলের ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
এসআই তাপস পাল বলেন, দেড় বছর তদন্তের পর গত ৩১ মে তিনি আদালতে অভিযোগপত্র দেন। এতে এজাহার-বহির্ভূত দুজনসহ ২০ দলের মোট ১৬ জনের নাম রয়েছে।
২০১৩ সালের ২৬ নভেম্বর নগরের পাওয়ার হাউস মোড়ে পুলিশের সঙ্গে ২০ দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় সদর থানার এসআই অনুকূল চন্দ্র ঘোষ বাদী হয়ে সদর থানায় বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে গত ৩০ এপ্রিল।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মোস্তাক আহমেদ বলেন, অভিযোগপত্রে নজরুল ইসলাম, মেয়র মনিরুজ্জামান, খেলাফত মজলিসের নেতা মাওলানা নাসির উদ্দিন, কাউন্সিলর শেখ গাউসুল আযম, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে এম হুমায়ুন কবির, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন হেলাল, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হাসান, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজির উদ্দিন আহম্মেদ, যুবদলের সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক শের আলম, জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসান, সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদ, নগর ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়।