খুলনায় ৩৭ দিনে ছয় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত ৩৭ দিনে খুলনা মহানগর ও জেলায় ছয়টি খুনের ঘটনা ঘটেছে। তা ছাড়া খুনের চেষ্টা করা হয়েছে আরও প্রায় ছয়জনকে। আর প্রতিনিয়ত ঘটছে চুরি ও ডাকাতির ঘটনা। এসব ঘটনার কয়েকটি মামলায় আসামিদের গ্রেপ্তার করা হলেও অধিকাংশ আসামি রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
জানা গেছে, ওই সময়ে মহানগরে তিনটি ও জেলার বিভিন্ন উপজেলায় ঘটেছে তিনটি খুনের ঘটনা। এসব ঘটনার অধিকাংশের সঙ্গেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।
জেলা ও মহানগরের মধ্যে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির একাংশের মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান বলেন, ‘সাম্প্রতিক সময়ে জেলা ও মহানগরের মধ্যে যেসব ঘটনা ঘটছে, তা আইনশৃঙ্খলার অবনতিরই বহিঃপ্রকাশ। এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে একটা ভীতি ভাব কাজ করছে। আমি মনে করি, এসব ব্যাপারে প্রশাসনকে আরও সতর্ক হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা উচিত।’

তবে জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা দাবি করেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে আমরা মনে করি না। তবে যেসব ঘটনা ঘটেছে, ওই সব অপরাধীকে ধরতে তৎপর আছি।’ সংশ্লিষ্ট থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সকালে নগরের শীতলাবাড়ি এলাকায় মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই গুলিতে নিহত হন শিপ্রা কুন্ডু নামের এক পথচারী নারী।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী পলাশ গ্রুপের লোকজন এ ঘটনা ঘটায়। পলাশ জেল থেকেই ডনকে হত্যার পরিকল্পনা করে। এ ঘটনার পরদিন ইব্রাহিম খলিল নামে পূর্ব বানিয়া খামার এলাকার একজন সদর থানায় মামলা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পলাশের স্ত্রীসহ আটজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার রেশ না কাটতেই ১৫ জানুয়ারি নগরের শের-এ-বাংলা সড়কের আমতলা এলাকায় ঘরের মধ্যে কলেজশিক্ষক চিত্তরঞ্জন বাইনের লাশ পাওয়া যায়। ঘরের গ্রিল কেটে চুরি করার সময় তাঁকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চিত্তরঞ্জনের ছোট ভাই সুবল বাইন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে।

মহানগরের মধ্যে সর্বশেষ খুনের ঘটনা ঘটে ২৮ জানুয়ারি। মুন্সীপাড়া দ্বিতীয় গলিতে ছুরিকাঘাতে খুন হন সুলতানা পারভীন দুলালী। এ ঘটনায় দুলালীর ভাই শাহাবুদ্দিন শেখ বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বামী নুরুল হককে। ১৮ জানুয়ারি দুলালী নূরুল হককে তালাক দেন। ওই দিনই হামলার আশঙ্কায় সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন তিনি।

এ তিনটি ঘটনার ব্যাপারে জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ডনের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কয়েকটি অস্ত্রও উদ্ধার হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত শাহীন, লিমন ও নইম পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। চিত্তরঞ্জন বাইন হত্যার ঘটনার সঙ্গে নয়জন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার সাতজনের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গৃহবধূ দুলালী হত্যার ঘটনায় অভিযুক্ত নূরুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ওসি শফিকুল ইসলাম বলেন, এগুলো সবই বিচ্ছিন্ন ঘটনা। কয়েক বছর আগের তুলনায় পরিস্থিতি অনেক ভালো রয়েছে।

জেলার মধ্যে গত ১৭ জানুয়ারি রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে প্রফুল্ল বিশ্বাস (৬০) নামের এক কীর্তন গায়ককে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে তাঁরই বড় ছেলে প্রশান্ত বিশ্বাস জড়িত উল্লেখ করে ওই দিন মামলা করেন প্রফুল্ল বিশ্বাসের ছোট ছেলে সুশান্ত বিশ্বাস।

৩ ফেব্রুয়ারি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় সন্ত্রাসীরা গুলি ও বোমা মেরে হত্যা করে সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জনি মোল্লাকে। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার নাম উল্লেখ করে ফুলতলা থানায় মামলা করেন জনির বাবা ইউসুফ মোল্লা। এ ঘটনায় এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ ৫ ফেব্রুয়ারি চিংড়িঘের দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। ঘেরটি খুলনা-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার ভাই এস এম মোয়াজ্জেম রশিদী দোজার দখলে আছে। পুলিশের দাবি, ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘের দখলের উদ্দেশ্যে এই হামলা চালান। তবে এ ঘটনায় এখনো কেউ ধরা পড়েনি। গতকাল মঙ্গলবার বটিয়াঘাটা থানায় মামলা হয়েছে।

তা ছাড়া ৯ জানুয়ারি নগরের খালিশপুর এলাকায় মো. মিন্টু নামের এক প্রবাসীকে, ১৩ জানুয়ারি একই এলাকার সৈয়দ জাফর আলী ও ২৬ জানুয়ারি সোনাডাঙ্গা এলাকায় মো. ইমদাদুল হক নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। ২৫ জানুয়ারি পূর্ব রূপসা এলাকায় মো. রুবেলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সর্বশেষ ৬ ফেব্রুয়ারি পাইকগাছা উপজেলার কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাককে কুপিয়ে জখম করা হয়।

গত ১৩ জানুয়ারি নগরের খালিশপুর এলাকার পোর্ট স্কুলের সামনে কমোডর শাহিন রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আর সোমবার রাতে টুটপাড়া এলাকার জাহিদুর রহমান সড়কে এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।