খুলনায় ৭ ব্যবসায়ী ও ২ কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অনিয়মের অভিযোগে খুলনার সাত ব্যবসায়ী ও দুই কারখানাকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার খুলনা সিটি করপোরেশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলাদা অভিযান চালিয়ে এ জরিমানা করে।
সকালে নগরের দৌলতপুরের জিলানী পাইকারি কাঁচাবাজারে অভিযান চালায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। দৌলতপুর থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এ সময় সিটি করপোরেশনের বাজার তত্ত্বাবধায়ক গাজি সালাউদ্দিন, জিলানী পাইকারি কাঁচাবাজারের সভাপতি হারুন বন্দ ও সাধারণ সম্পাদক লাভলু উপস্থিত ছিলেন।
গাজি সালাউদ্দিন বলেন, পাইকারি বাজারের ব্যবসায়ীরা পাকা রসিদ না দেওয়ায় খুচরা ব্যবসায়ীরা পণ্যের দাম দ্বিগুণ করে বিক্রি করেন। সোনাডাঙ্গার পাইকারি বাজারের ব্যবসায়ীরা পণ্য রসিদ দিলেও দৌলতপুরের এই বাজারটি শহরের বাইরে হওয়ায় তাঁরা রসিদ দেন না। তাই সাতজনকে জরিমানার পাশাপাশি অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে।
সাতজন ব্যবসায়ীকে সর্বনিম্ন দুই হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার পর্যন্ত মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন ব্যবসায়ীরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ অভিযান চালায় নগরের খালিশপুর থানা এলাকায়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করার দায়ে ‘বউ রানি সেমাই’ কারখানাকে ২০ হাজার টাকা ও ‘হাসেম ফুড সেমাই’ কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র্যা ব-৬, পরিবেশ অধিদপ্তর ও কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহযোগিতা করে।