খুলনায় 'আল্লাহর দলে'র পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার একটি ছাত্রাবাস থেকে গত মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি বোমা, সাংগঠনিক কিছু বই ও ডায়েরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আল্লাহর দলের খুলনা জেলা শাখার নায়ক (প্রধান) পারভেজ হোসেন (২৬), সদস্য আবদুর রহিম (২৮), মো. সেলিম (২৩), আলী হোসেন (২৪) ও বিশ্বজিৎ দেবনাথ ওরফে মাহিন আহম্মেদ (২৮)।

পুলিশ জানায়, উপজেলার চাঁদপুর গ্রামের একটি ছাত্রাবাস থেকে আল্লাহর দলের সদস্যরা সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন, এমন খবর পেয়ে মঙ্গলবার রাত আটটার দিকে ওই ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা সরকার উৎখাতে নেমেছেন। তাঁরা আল্লাহর শাসন কায়েম করতে চান। এরই ধারাবাহিকতায় তাঁরা ফুলতলায় বসে কাজ করছেন।

ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গতকাল বুধবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পাঁচ যুবককে।