খুলনায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তাঁর নাম রবিউল গাজী (৩০)। আজ রোববার ভোর পাঁচটার দিকে সুন্দরবনের সোনামুখী কেয়াখালী খাল এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশের দাবি, রবিউল সুন্দরবনের বনদস্যু রবিউল বাহিনীর প্রধান। তাঁর বাড়ি উপজেলার মহারাজপুর গ্রামে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, স্থানীয় জনগণের সহায়তায় গতকাল শনিবার রাত নয়টার দিকে মহারাজপুর এলাকা থেকে রবিউলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে অস্ত্র রয়েছে বলে তিনি জানান। পরে তাঁকে নিয়ে সোনামুখী কেয়াখালী খাল এলাকায় অস্ত্র উদ্ধারে বের হলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে সেখানে রবিউলকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে চারটি, ডাকাতির তিনটি ও বন আইনে একটি মামলা রয়েছে। অভিযানে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি রাইফেল, আটটি গুলি, একটি রামদা, একটি ছুরি, চারটি হরিণের চামড়া ও দুটি হরিণের শিং উদ্ধার করা হয়।
রবিউলের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।