খুলনায় 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সুন্দরবনের হড্ডা রেঞ্জ ফরেস্ট স্টেশন এলাকায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম (৪২) নামের একজন নিহত হয়েছেন। শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব বলছে, নিহত রবিউল ইসলাম সুন্দরবনের বনদস্যু রবিউল বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

র‍্যাব-৬ খুলনার পরিচালক খন্দকার রফিকুল ইসলাম বলেন, হড্ডা এলাকায় বাহিনী প্রধান রবিউল তাঁর সহযোগীদের নিয়ে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার পুলিশ ও র‍্যাব-৬ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় রবিউল বাহিনী র‍্যাব ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় র‍্যাব-পুলিশ। প্রায় আধঘণ্টা দুই পক্ষের বন্দুকযুদ্ধের পর রবিউল বাহিনী পিছু হটে। ১০ থেকে ১২ জন বনদস্যু পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে বাহিনী প্রধান রবিউলকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

খন্দকার রফিকুল ইসলাম বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি একনলা বন্দুক, একটি পয়েন্ট টু টু বোরের বিদেশি রাইফেল, একটি দেশি বন্দুক, ৪২টি গুলি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।