খেজুর খেয়ে অজ্ঞান, হারালেন টাকা
চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২০ হাজার টাকা খোয়ালেন মো. হাসেম মিয়া (৩০) নামের এক যুবক।
হাসেম মিয়া পাবনার নাজিরগঞ্জ পেয়ার ব্রাহ্মণদি এলাকার জয়নাল উদ্দিন মিয়ার ছেলে। তিনি মাদারীপুর থেকে হানিফ পরিবহনের বাসে করে বাড়ি যাচ্ছিলেন।
আজ শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় হাসেম মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি মাদারীপুরের মোস্তফাপুর থেকে হানিফ পরিবহনের বাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাসের পাশের সিটে বসে থাকা এক ব্যক্তি তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন। অজ্ঞাত ওই ব্যক্তি তাঁকে খেজুর খাওয়ান। এর কিছুক্ষণ পর তিনি বাসের মধ্যেই অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁর কাছে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি পালিয়ে যান।
বিষয়টি বুঝতে পেরে বাসের সহকারী গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকায় বাস থেকে তাঁকে নামিয়ে দেন। সেখানে থাকা স্থানীয় লোকজন হাসেম মিয়ার উদ্ভ্রান্ত চলাফেরা দেখে তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
আজ সকালে হাসপাতালে উপস্থিত যুবকের ভাই সজীব মিয়া জানান, হাসেম একজন এসকেভেটর চালক। তিনি মাদারীপুরে এসকেভেটরের মাধ্যমে মাটি কাটার কাজ করেন। শুক্রবার ছুটি থাকায় তিনি বাড়ি ফিরছিলেন। বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আজিজুর রহমান খান জানান, হাসেম মিয়ার অবস্থা অনেকটা আশঙ্কামুক্ত। পরিবারের লোকজন এসে নিজ এলাকায় নিয়ে চিকিৎসা করাবেন বলে জানান। তাই তাঁকে আজ দুপুরের দিকে ছেড়ে দেওয়া হয়।