খেত থেকে তরুণীর লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাছিড়া গ্রামের একটি খেতে থেকে আজ মঙ্গলবার সকালে শিরিন আক্তার নামের এক কিশোরীর লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিরিন আক্তার উপজেলার উত্তর খেতাছিড়া গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় শাহাদাৎ হোসেন মহাবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার শিরিন আক্তার ও তার বড় বোন কাজল বেগম দক্ষিণ খেতাছিড়া গ্রামে তাঁদের বড় ভাইয়ের শ্বশুরবাড়ি বেড়াতে যান। আজ সকাল সাড়ে ছয়টার দিকে শিরিন ওই বাড়ি থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয়। কিছু সময় পর কাজল একই পথ দিয়ে বাড়ি ফেরার পথে মাঠে শিরিনের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কাজল বেগমের ভাষ্য, ‘শিরিন সকালে প্রাইভেট পড়তে যেতে একটু আগে বের হয়। আধা ঘণ্টা পর একই পথ দিয়ে বাড়ি ফেরার পথে ওর লাশ পড়ে থাকতে দেখি। এ সময় ওর পরনের পোশাক ও বোরকা এলোমেলো ছিল।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক সুরতহালে মনে হয়েছে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তার মাথা থেঁতলানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শক্ত মাটির ঢেলা দিয়ে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের পাশে ওই সময় কয়েকটি গরু ছিল। জিজ্ঞাসাবাদের জন্য গরুর মালিককে আটক করা হয়েছে।