খেতে যুবকের লাশ পুলিশের 'গুলিতে' মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চৌমুহনীতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে শহরের করিমপুর এলাকায় জলমগ্ন একটি খেতে লাশ ভেসে ওঠে। নিহত কামাল উদ্দিন (২৭) অটোরিকশাচালক ছিলেন। পরিবারের দাবি, পুলিশের ‘গুলিতে’ কামাল নিহত হয়েছেন। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
নিহত কামালের বড় ভাই জামাল উদ্দিন জানান, শনিবার রাত ১২টার দিকে তাঁর ছোট ভাই খাবার খেয়ে বাড়ির পাশের চা দোকানে যান। সেখানে আরও দুই যুবক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি অটোরিকশায় করে চৌমুহনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনসহ কয়েকজন পুলিশ সদস্য সেখানে আসেন। পুলিশ দেখে তাঁর ভাইসহ অন্যরা দৌড়ে পাশের খেতে গিয়ে পড়ে যান। এ সময় পুলিশ তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে।
জামাল জানান, গুলির শব্দ শুনে তিনি বাড়ি থেকে বের হয়ে দোকানের সামনে আসেন। এ সময় কামালের সঙ্গে থাকা দুজনকে পাওয়া গেলেও কামালকে খুঁজে পাওয়া যায়নি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও কামালের কোনো সন্ধান পাননি তাঁরা। পরে গতকাল সকাল ছয়টার দিকে খেতের পানিতে তাঁর ভাইয়ের লাশ ভেসে ওঠে।
জামাল উদ্দিন অভিযোগ করেন, এসআই জসিম উদ্দিনের গুলিতেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। লাশের ডান কানের নিচে দুটি গুলির দাগ রয়েছে। এ ছাড়া পিঠেও আঘাত রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
তবে এসআই জসিম উদ্দিন দাবি করেন, চোর ধরতে তিনি শনিবার রাতে করিমপুর এলাকায় যান। সেখানে একটি দোকানের কাছে কয়েক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। পুলিশ দেখে তাঁরা দৌড়ে পালিয়ে যান। কিন্তু কাউকে গুলি করেননি তিনি।
লাশের ময়নাতদন্তকারী নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মরদেহে গুলির চিহ্ন পাওয়া যায়নি।’ তা হলে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘মৃত্যুর কারণ এখনই বলা যাবে না। প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করে পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, নিহত যুবকের কানের কাছে কিছুটা থেঁতলানো এবং পিঠে কাটা দাগ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নিহত কামালের বিরুদ্ধে থানায় কোনো মামলা কিংবা সাধারণ ডায়েরিও (জিডি) নেই বলে জানান তিনি।