খেতের শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর সরদারপাড়া গ্রামে গত বুধবার রাতে এক প্রান্তিক কৃষকের দুই বিঘা জমির শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক ইসরাইল হোসেন জানান, তিনি বাড়ির পাশে দুই বিঘা জমি বর্গা নিয়ে সেখানে কয়েক মাস আগে শিম চাষ করেন। এই খেতে শিম চাষ ও পরিচর্যা করতে এ পর্যন্ত তার প্রায় ৫০ হাজার টাকা খারচ হয়েছে। স্থানীয় সমিতি ও এলাকার মানুষের কাছ থেকে তিনি ওই টাকা ঋণ নিয়ে খরচ করেছেন। তাঁর খেতের শিমগাছে এবার প্রচুর ফুল ও ফল এসেছিল। গত বুধবারের হাটে তিনি শিম বিক্রি করে ১০ হাজার টাকা আয়ও করেন। কিন্তু কে বা কারা তাঁর জমির সব শিমগাছ গোড়া থেকে কেটে দিয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি জমিতে কাজ করতে এসে এ দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়েন।
ইসরাইল হোসেন দাবি করেন, এতে তাঁর দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি এ ব্যাপারে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মুলাডুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মালিথা বলেন, ইসরাইল হোসেন একজন প্রান্তিক কৃষক। কেউ হয়তো শত্রুতা করে এই কাজটি করেছে। পরিষদের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হবে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, খবর পেয়ে গতকাল শুক্রবার সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধী শনাক্ত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।