খেয়ে না-খেয়ে দিন কাটছে মা-মেয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপার্জনক্ষম মানুষটি নেই। খেয়ে না-খেয়ে চলছে মা-মেয়ের সংসার। টাকার অভাবে একমাত্র মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।
অথচ চার মাস আগেও পরিবারটির এমন দুরবস্থা ছিল না। কিন্তু হরতাল-অবরোধের মধ্যে ট্রাক চালাতে গিয়ে দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে উপার্জনক্ষম মানুষটির মৃত্যুর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।
উপার্জনক্ষম মানুষটির নাম ইমাদুর রহমান (৩৬)। ১০ জানুয়ারি বগুড়ার চণ্ডীহারা এলাকায় ইটের আঘাতে আহত হওয়ার পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তাঁর বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর এলাকায়। স্ত্রী আসমা বেগম (২৪) ও একমাত্র মেয়ে তানিয়া আক্তারকে (৬) নিয়ে ছিল তাঁর সংসার।
ইমাদুরের ব্যক্তিগত জমি ছিল না। মায়ের নামে থাকা জমিতে দোচালা একটি টিনের ঘর তুলে সেখানেই মাসহ বাস করতেন পরিবার নিয়ে। ইমাদুরের আয়েই চলত সংসার। ইমাদুরের মৃত্যুর পর মাকে যেতে হয়েছে অন্য ছেলের সংসারে।
সম্প্রতি এক দুপুরে ইমাদুরের বাসায় গিয়ে দেখা গেল, টিনের চালায় টিনের বেড়া দিয়ে তৈরি দুই কক্ষের ঘরটিতে তালা ঝুলছে।
প্রতিবেশী বেলাল হোসেন জানালেন, মেয়েসহ পাশের বাড়িতে কাজে গেছে ইমাদুরের স্ত্রী আসমা। পরে বেলালকে অনুরোধ করে আসমাকে ডেকে আনা হয়। আসমা জানালেন, তাঁর বাবার বাড়ি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সৈলজান গ্রামে। ১২ বছর আগে ইমাদুরের সঙ্গে বিয়ে হয় তাঁর। ট্রাকচালক স্বামীর আয়ে ভালোই চলেছে সংসার। মানুষটি মারা যাওয়ার পর এখন সংসার চলছে না। এ বাড়ি-ও বাড়ি কাজ করে পেট চালাই। একমাত্র মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আর এখন মাথা গোঁজার ঠাঁই নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। জানালেন, তাঁর শাশুড়ি অন্য ছেলের কাছে চলে যাওয়ার পর শরিকেরা বাড়ির জমি ছেড়ে দিতে বলছে। কান্নাজড়িত কণ্ঠে আসমা জানান, স্বামী মারা গেলেও সরকারি-বেসরকারিভাবে কোনো অনুদান পাননি। স্বামীর লাশ আনতে হয়েছে চাঁদা তুলে। নদীভাঙা এলাকায় বাবার বাড়ি, তাঁদের অভাব বেশি, তাই কষ্ট করে স্বামীর এলাকাতেই খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছেন।
ইমাদুরের মেয়ে তানিয়া জানায়, বাবা বেঁচে থাকতে সে মাদ্রাসায় ভর্তি হয়েছিল। এখন আর যায় না। বাবা মারা যাওয়ার আগের দিন অন্যের ফোন থেকে বাবার খবর জানতে চেয়েছিল সে। ওপাশ থেকে বাবা জানিয়েছিল, ‘এখন ব্যস্ত, পরে কথা বলব।’ আর কথা বলা হয়নি।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন জানালেন, পরিষদ থেকে আসমাকে বিধবা ভাতা দেওয়ার প্রক্রিয়া চলছে।