খেলতে বাধা দেওয়ায় শিক্ষককে কুপিয়ে আহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রণব সাহা নামের (৩২) এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রানা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ১০টার দিকে শেখেরটেকের প্রতিভা আইডিয়াল স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। প্রণব সাহা ওই স্কুলের প্রধান শিক্ষক।

আদাবর থানার পু​লিশের ভাষ্য, প্রতিভা আইডিয়াল স্কুলের সামনের সড়কে প্রায়ই বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতেন রানা। তবে সেখানে খেলতে নিষেধ করতেন স্কুলটির প্রধান শিক্ষক প্রণব। নিষেধ অমান্য করে আজ সকালে আবারও ক্রিকেট খেলতে নামেন রানা। এ সময় খেলতে নিষেধ করলে প্রণবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন রানা। আশপাশের লোকজন আহত অবস্থায় প্রণবকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, ওই শিক্ষকের কবজি ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ মামলা করবে।