খেলনা পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে গতকাল রোববার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে খেলনা পিস্তলসহ সোহেল রানা (২৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
এলাকার কয়েকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ শতাংশ আবাদি জমি নিয়ে ছয় মাস ধরে দৌলতপুর গ্রামের ফেরদৌস হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত গফুর প্রামাণিকের ছয় ছেলেমেয়ের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল দুপুরে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আটজন আহত হয়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় সোহেল খেলনা পিস্তল উঁচিয়ে ভয় দেখান।
ফেরদৌস অভিযোগ করেন, ওই জমি গফুর প্রামাণিকের কাছ থেকে তাঁর বাবা ৫০ বছর আগে কিনেছেন। তখন থেকেই ওই জমি তাঁদের দখলে রয়েছে। এবার তাঁরা জমিতে হলুদ লাগিয়েছেন। গতকাল বেলা দুইটার দিকে গফুর প্রামাণিকের ছেলে আজিজুল ইসলাম, ফরিজুল ইসলাম, তুহিন ইসলাম ও মেয়ে আম্বিয়া খাতুন লোক দিয়ে ওই খেত নষ্ট করেন। এ সময় তাঁর স্ত্রী ও সন্তানদের মারধর করা হয়। এলাকার লোকজন এগিয়ে এলে আম্বিয়ার ছেলে সোহেল পিস্তল বের করে তাঁদের গুলি করার হুমকি দেন।
আজিজুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি, ওই জমি আমাদের বাবা বিক্রি করেননি। তাই জমি দখল করতে গিয়েছিলাম। কিন্তু ফেরদৌসের লোকজন আমাদের মারধর করে জমি থেকে তাড়িয়ে দিয়েছে।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বিরুল হক জানান, অভিযোগ পেয়ে খেলনা পিস্তলসহ সোহেলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মাওলা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আটক যুবকের বিরুদ্ধে পুলিশকে মামলা করার নিদের্শ দেওয়া হয়েছে।