খেলা নিয়ে তর্ক, সংঘর্ষে তরুণের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের পূর্ব বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার দুপুরেও মোহাম্মদ নুর (২১) ও আবছারসহ (২৪) কিশোর-তরুণেরা পূর্ব বিলে ক্রিকেট খেলছিলেন। এ সময় খেলা নিয়ে ওই দুজনের মধ্যে তর্ক হয়। তর্কের একপর্যায়ে নুরের মাথায় আঘাত করা হয়। এতে নুর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে নুরকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ নুরের ভাই মোহাম্মদ সেলিম রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে মোবাইলে প্রথম আলোকে বলেন, দুপুরে খেলার একপর্যায়ে তাঁর ভাইয়ের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন ও মারা যান।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোক বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে পরিবারের কেউ থানায় খবর দেয়নি। খোঁজ নেওয়া হচ্ছে।