খেলা নিয়ে বিবাদে নিহত তরুণ, জাপা নেতাসহ গ্রেপ্তার ৪
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে হামলার ঘটনায় কুমিল্লার হোমনা উপজেলায় নাইমুর রহমান ওরফে রুবেল (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। ঘটনায় জড়িত অভিযোগে ঘাগুটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সভাপতি মালেক আফসারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার নাইমুর রহমানের বাবা মো. ওয়ারেশ মিয়া বাদী হয়ে ১৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দড়িচর বাজারে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার চারজন হলেন ঘাগুটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সভাপতি মালেক আফসারী, তাঁর ছেলে জনি আফসারী, স্থানীয় ইকবাল মিয়া ও হুমায়ুন কবির।
নাইমুরের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা গেছে, গতকাল রাতে দড়িচর গ্রামের মাহফুজ আহম্মেদ, নাইমুরসহ কয়েকজন তরুণ বাজারের পাশে ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় মালেক আফসারীর ছেলে মুন্না আফসারী খেলতে চান। কিন্তু মাহফুজ খেলতে নিষেধ করলে মুন্নার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এতে মুন্না ক্ষুব্ধ হয়ে উপস্থিত সবাইকে গালাগাল দেন এবং তাঁর বাবাকে ঘটনাস্থলে আসতে বলেন। পরে মালেক আফসারীর নেতৃত্বে ১৫-১৬ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে হামলা চালান। এতে নাইমুর ছুরিকাহত ও মাহফুজসহ আরও ৯ জন আহত হন। রক্তাক্ত অবস্থায় নাইমুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মালেক আফসারীর লোকজন আবারও তিন দফা হামলা চালান বলে অভিযোগ করেছে নাইমুরের পরিবার। পরে রাত পৌনে ১২টার দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নাইমুরের মৃত্যু হয়। আহত মাসুদ রানা ও মাহফুজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ ১৬ জনকে আসামি করে আজ নাইমুরের বাবা একটি হত্যা মামলা করেন।
নাইমুরের ভগ্নিপতি মনিরুজ্জামান রিপন বলেন, মালেক আফসারীর বখাটে ছেলে মুন্নাকে ব্যাডমিন্টন খেলায় না নেওয়ায় পরিকল্পিতভাবে তাঁরা এই হামলা চালিয়েছেন।
নাইমুরের মা হাছেনা বেগম বলেন, ‘আমার ছেলে রুবেল (নাইমুর) বিদেশে থাকত। সে সবার সঙ্গেই মেলামেশা করত। আমার পোলারে মালেক আফসারী মাইরা ফালাইছে। আমি ছেলে হত্যাকারীদের ফাঁসি চাই।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। নাইমুরের পেটে ছুরির আঘাত রয়েছে। আজ সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয়েছে। এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।