খেলাঘরের কর্মীকে যৌন হয়রানির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে খেলাঘরের কর্মী প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানির প্রতিবাদ এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদ জেলার সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা কণা প্রমুখ।
রথীন চক্রবর্তী বলেন, দিনাজপুরের ঘটনায় বিসিবির কোচ আবু সামাদ মিঠুকে আজীবনের জন্য ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কার করতে হবে। নির্যাতনের প্রতিবাদ করে হয়রানি ও মিথ্যা মামলার শিকার হওয়ায় জেলা প্রশাসককে (ডিসি) অপসারণ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যাঁরা সোচ্চার হয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।
রফিউর রাব্বি বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, এই কোচের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আর জেলা প্রশাসক যিনি জেলার সমস্ত নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবেন, তিনি যখন ঘাতকদের পক্ষাবলম্বন করেন, তখন তাঁকে আমরা রক্ষক বলতে পারি না, প্রকারান্তরে তিনি ঘাতক।’