একটি বাড়ি একটি খামার প্রকল্পে খেলাপি ঋণের পরিমাণ ক্রমে বাড়ছে। বিদায়ী অর্থবছরের ১৫ মে পর্যন্ত সময়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। এখন প্রকল্পটিতে খেলাপি ঋণের হার ৫৪ শতাংশ।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অসন্তোষ থাকায় খেলাপি ঋণের হার বেড়ে গেছে। এই অর্থবছরে খেলাপি ঋণের হার অন্তত ৫০ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে। তবে অসন্তোষ নিরসন হলেও প্রকল্পের তৃতীয় পর্যায়ে এখন পর্যন্ত সঞ্চয় আদায়ের হার হতাশাজনক।
গত ২২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকাণ্ড পর্যালোচনার জন্য একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রকল্পবিষয়ক প্রতিবেদনে দেখা যায়, গত ১৫ মে পর্যন্ত ৯৮৩ কোটি ৪৪ লাখ টাকা খেলাপি ঋণের মধ্যে ৫০৫ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার টাকাই হয়েছে গত এক বছরের মধ্যে।
২০০৯ সালে প্রকল্প শুরু হলেও ঋণ কার্যক্রম শুরু হয় ২০১১-২০১২ অর্থবছরে। প্রথম বছর দেওয়া হয় গরু। বিতরণ করা গরুর মূল্য হিসেবে এখনো ৬৯ কোটি টাকা অনাদায়ি রয়ে গেছে। এ বিষয়ে একটি অডিট আপত্তিও আছে। গত বছরের ৩০ জুন পর্যন্ত এই প্রকল্পে সব মিলিয়ে ৩ হাজার ৯৮৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ২০২০ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে এ প্রকল্পের জন্য মোট বরাদ্দ আছে আট হাজার কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের জুলাই থেকে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম একসঙ্গে চালানোর সিদ্ধান্ত হলে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। এর ফলে প্রকল্পের কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং ২০১৬-২০১৭ অর্থবছরে খেলাপি ঋণের হার বেড়ে যায়।
প্রকল্পটিতে গত ২০১৫-২০১৬ অর্থবছরে খেলাপি ঋণের হার ছিল ৪০ দশমিক ১৫ শতাংশ (৪১৪ কোটি ৭৪ লাখ টাকা)। তার আগের অর্থবছরে ছিল ৩৫ দশমিক ৩৯ শতাংশ (৩৬৫ কোটি ৯৭ লাখ টাকা)। আর খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৬৪ শতাংশ (১৭৫ কোটি টাকা) ছিল ২০১৩-২০১৪ অর্থবছরে। তার আগের বছর খেলাপি ঋণ ছিল ৩২ দশমিক ৭০ শতাংশ।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৬ সালের জুলাই মাসে (দ্বিতীয় পর্যায়ে সংশোধিত) একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ শেষ হয়। এই সময়ের মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক কার্যক্রম শুরু করায় অর্থ মন্ত্রণালয় প্রকল্পটির মেয়াদ আর না বাড়ানোর পক্ষে ছিল। এই অবস্থানের কারণে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীন সমিতির সদস্যরা ক্ষুব্ধ ছিলেন। তাঁদের অনেকের দাবি ছিল, প্রকল্প বন্ধ করে শুধু পল্লী সঞ্চয় ব্যাংকের কাজ চালানো হলে তাঁদের যেন ব্যাংকে চাকরি দেওয়া হয়। পরবর্তীকালে ২০১৬ সালের অক্টোবরে তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। বলা হয় সমিতির যেসব সদস্য ঋণ আদায়ে ভালো ভূমিকা রাখবেন, তাঁদের কাজের ওপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সিদ্ধান্তের ফলে নতুন সমস্যা তৈরি হয়েছে। এতে সঞ্চয় আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না।
প্রকল্পের খেলাপি ঋণের বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পিপিআরসির প্রতিষ্ঠাতা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, প্রকল্পের শুরু থেকে ডিজাইন ও মনিটরিংয়ে দুর্বলতা এবং ফলাফল নিয়ে চিন্তা না করা—এই তিন কারণে একটি বাড়ি একটি খামার প্রকল্পের খেলাপি ঋণ ক্রমে বাড়ছে। এ ধরনের দুর্বলতা থাকলে সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে ফাঁক থেকে যায়। শুরু থেকেই এ প্রকল্পের আইডিয়াটি দুর্বল ছিল, দুর্নীতি এবং ব্যাপক ঘাটতির আশঙ্কা ছিল। প্রকল্প যখন কাজ করছে না, তখন এটি থামিয়ে দিয়ে ঠিক করা উচিত ছিল। কিন্তু ফলাফল নিয়ে কোনো মাথাব্যথা নেই, প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে। প্রকল্পের ফলাফল নিয়ে চিন্তা করা প্রয়োজন।
জানতে চাইলে এই প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রণব কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁরা উদ্বিগ্ন নন। খেলাপি ঋণ কমে আসার প্রবণতা আছে। সব জায়গায় নির্দেশনা দেওয়া হয়েছে, ৩১ মের মধ্যে খেলাপি ঋণ ৫০ শতাংশের নিচে নামিয়ে আনা হবে। মাঝখানে জটিলতা তৈরি হওয়ায় এবং প্রকল্প বন্ধ থাকায় খেলাপি ঋণ বেড়ে গেছে। প্রকল্পটি চলমান থাকলে খেলাপি ঋণ ৩৫ শতাংশে নেমে আসত।
গত ২২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ প্রকল্পের প্রতিবেদন নিয়ে আলোচনা শেষ হয়নি। জানতে চাইলে কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, অগ্রগতির ক্ষেত্রে শিথিলতা আছে কি না, মনিটরিং, ঋণ বিতরণ ও আদায় ঠিকমতো হচ্ছে কি না—এসব দেখার জন্য পরবর্তী বৈঠকের আলোচনার সূচিতে রাখা হয়েছে। আগামী বৈঠকে খেলাপি ঋণ নিয়েও আলোচনা হবে।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একটি বাড়ি একটি
খামার প্রকল্পটি হাতে নেয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এটি বাস্তবায়ন করছে। সরকারি অর্থায়নে এই প্রকল্প দেশের ৬৪ জেলার ৪৯০টি উপজেলার ৪ হাজার ৫৫০টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনায় বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে দেশের সব অতি দরিদ্র, ভিক্ষুক, ছিন্নমূল পরিবার নিয়ে মোট ৩৬ লাখ পরিবারকে প্রকল্পের আওতায় ৬০ হাজার গ্রাম সংগঠনের মাধ্যমে সংগঠিত করে ক্ষুদ্র সঞ্চয় মডেলে স্থায়ী তহবিল গড়ে স্থায়ীভাবে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দারিদ্র্যবিমোচনে অবদান রাখা।