খেলার ছলে স্প্রিটের বোতলে আগুন, বিস্ফোরণে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার ছলে দিয়াশলাই দিয়ে স্প্রিটের বোতলে আগুন ধরিয়ে দেয় আফরিন (১১) ও তার ভাই আল আমিন (৪)। বোতলটি বিস্ফোরিত হয়ে দুজনই ঝলসে যায়। হাসপাতালে নেওয়ার পর দুজনই মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালীবাজার এলাকায়। আফরিন ও আল-আমিন উপজেলার হর্নি দুর্গাপুর এলাকার সৌদিপ্রবাসী আলমগীর হোসেনের সন্তান।
নিহত ওই দুই শিশুর ফুফু রহিমা বেগম জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ফরিদগঞ্জের কালীবাজার এলাকায় নানা শুক্কুর আহমেদের ঘরে থাকা স্প্রিটের বোতলে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয় ওই দুই শিশু। বিস্ফোরিত হয়ে দুজনই সম্পূর্ণ ঝলসে যায়।
তাৎক্ষণিকভাবে তাদের চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করার পরামর্শ দেন। ওই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।